উজ্জ্বল রহমান, ঝালকাঠি প্রতিনিধি
জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়ায় ৩৭ জন তরুণ-তরুণীকে নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) কাঁঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে সুহাসিনী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাথী আক্তার, উপজেলা ভলান্টিয়ার কো-অর্ডিনেটর হেদায়েতুল ইসলাম জিহাদ এবং সদস্য মারিয়া আক্তার অহনা।
কর্মশালায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য, প্রচলিত সামাজিক ধারণা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, গণমাধ্যম সচেতনতা ও সামাজিক অ্যাডভোকেসি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, ভুল তথ্য শনাক্ত করা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের ভূমিকা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে তরুণ-তরুণীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এসব আলোচনায় নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন পরিবেশ গঠন এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব উঠে আসে।
আয়োজকরা জানান, তরুণদের শুধু সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করাই নয়, বরং সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে মতামত প্রকাশ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার সক্ষমতা তৈরি করাই এ কর্মশালার উদ্দেশ্য।
‘সমতায় তারুণ্য’ উদ্যোগের আওতায় আয়োজিত এ কর্মসূচি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। জেন্ডার সমতা, অধিকার সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.