নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে হাম ও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪৪ জনের। সব মিলিয়ে এক দিনে দুই রোগে আক্রান্ত হিসেবে ৫৮ জনের তথ্য পাওয়া গেছে। তবে এ সময়ে হাম ও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (৬ নভেম্বর) নরসিংদী সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জনসহ এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪১ জন। তাঁদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৮৯ জন। জেলায় এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩২৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। সন্দেহজনক হামে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য নেই।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাঁদের সবাই সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৭২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.