নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় এক পা হারানো প্রতিবন্ধী ব্যক্তির পৈতৃক জমি দখলচেষ্টা, গাছপালা কেটে ক্ষতিসাধন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হাবিবুর রহমান (৫০) নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে একই এলাকার মোঃ কামাল মোল্যা, মোঃ মাহমুদ মোল্যা, মোঃ রুহুল সিকদার ও মোঃ শাহিন সিকদারসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে হাবিবুর রহমান উল্লেখ করেন, প্রায় ১০০ বছর ধরে তাঁদের পরিবার ওই পৈতৃক জমি ভোগদখল করে আসছে। কিন্তু অভিযুক্তরা জমিটি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন।
অভিযোগ অনুযায়ী, গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা তাঁদের জমিতে থাকা রেডি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ও ভেঙে ফেলেন। এ সময় জমিতে লাগানো বাঁশেরও ক্ষতিসাধন করা হয়। বাধা দিতে গেলে অপ্রীতিকর ঘটনা ও শান্তিভঙ্গের আশঙ্কা ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে জমির তফসিল হিসেবে ১৭৬ নম্বর মৌজা, ২১৯ নম্বর খতিয়ান ও ৫১১ নম্বর দাগের ২০ শতক জমির কথা উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী জমিটি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত কামাল মোল্যার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, হাবিবুর রহমান ও তাঁর পরিবারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.