শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সাগরে গোসল করতে নেমে রিয়াজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোস্টগার্ড ও জেলে সূত্রে জানা গেছে, পশ্চিম সুন্দরবনের শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে হিরণ পয়েন্ট ও নীলকমল হয়ে ‘ইকো ট্যুরিজম’ নামের একটি পর্যটকবাহী লঞ্চে ২০ জনের একটি দল শুক্রবার দুপুরে দুবলার চরের আলোরকোলে পৌঁছায়। বিকেলে দলটির তিন পর্যটক সাগরের পানিতে নামেন। এ সময় প্রবল স্রোতের টানে রিয়াজ ভেসে যান। তাঁর সঙ্গে থাকা অন্য দুজন তীরে উঠতে সক্ষম হলেও তাঁকে উদ্ধার করতে পারেননি।
ঘটনার পর থেকে কোস্টগার্ড ও বনবিভাগের সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে অভিযান চালাচ্ছেন। সন্ধ্যার পর অন্ধকার নেমে এলেও উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।
দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী রাত ৮টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তিন পর্যটক পানিতে নামলে প্রবল স্রোতে রিয়াজ ভেসে যান। অন্য দুজন তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
বনবিভাগের পশ্চিম বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) হাসানুর রহমান জানান, শুক্রবার বুড়িগোয়ালিনী স্টেশন থেকে দুটি পর্যটকবাহী লঞ্চ দুবলার চরের উদ্দেশে অনুমতি নিয়ে যায়। পরবর্তী সময়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে কোস্টগার্ড ও বনবিভাগ কাজ করছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাসেম জানান, তিনি ঘটনাটি অবহিত আছেন। নিখোঁজ পর্যটককে উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা চেষ্টা চালাচ্ছেন।
পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমানও পর্যটক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁকে উদ্ধারে কোস্টগার্ড ও বনবিভাগের সদস্যরা অভিযান চালাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.