
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় রাজাপুর-কাঠালিয়া সড়কের কাঠালিয়া থানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বিএনপি, মহিলা দল, যুবদলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনকারীরা দাবি করেন, কাঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান এলাকার সাধারণ মানুষের প্রিয় ব্যক্তি ছিলেন। বিচারপ্রার্থীরা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারতেন। তার চাকরিকালে এলাকায় মানুষ নিরাপদ বোধ করত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা ওসি আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নেহার খানম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রুবেল মোল্লা, আমুয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী রিমা ফেরদৌস এবং আওরাবুনিয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী লাকি বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দল সভাপতি শাহেলি পারভিন, যুবদল আহ্বায়ক জয়নাল আবেদীন, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.