নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজারে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবি। শনিবার ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত চলা অভিযানে দুটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা করে জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার শিবগঞ্জ গ্রামের মৃত মোতার হোসেনের দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও মো. দেলোয়ার হোসেন ‘এস ডি এগ্রোভেট’ নামে পৃথক দুটি কারখানা চালাতেন। কৃষকদের সঙ্গে প্রতারণা এবং কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এস ডি এগ্রোভেটের মালিক শাহিনুর আলম উপস্থিত না থাকায় তার স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইন, ২০১৮-এর ৩১(১) ধারায় অপরাধের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই নামে আরেকটি কারখানা চালানোর অভিযোগে তার ভাই মো. দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।
উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, “তাদের বরুণ ও জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক তৈরির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অনুমোদিত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হবে।”
সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রতিষ্ঠান দুটির মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.