নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও বিএনপির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বরিশালের গৌরনদীতে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, আদর্শ ও দর্শন প্রত্যেক নেতাকর্মীকে ভালোভাবে বুঝতে হবে। শুধু দল করলেই ক্ষমতায় থাকা যায় না, জনগণের রাজনীতি করতে হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের একটি স্মরণীয় ও অবিচ্ছেদ্য অধ্যায়। সিপাহী ও জনতার ঐতিহাসিক ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করতে ভূমিকা রেখেছিল। বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন এবং বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাজের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এজেডএম নাহিদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক, পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন ও বীর মুক্তিযোদ্ধা কাজী আকতার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনাজপুরের বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এতে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ইতিহাস সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
খুলনার কয়রায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন। সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন। এতে উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
একই জেলার টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলনকক্ষ ‘বজ্রকণ্ঠে’ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। এতে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, জেলা পুলিশিং কমিটির সভাপতি এসএম মাহমুদ হোসেন, পৌর বিএনপির সদস্যসচিব জিহাদুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বক্তব্য দেন। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পায়রা মিলনায়তনে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। সভায় উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিভিন্ন স্থানের কর্মসূচিতে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.