মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে রঞ্জন মন্ডল (৬০) নামে এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের মুক্তেশ্বরী নদীর হেলারঘাট ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রঞ্জন মন্ডল পাশের কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে। তিনি এলাকায় ঘের ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর একাধিক মাছের ঘের রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রমেশ চন্দ্র নামে এক ব্যক্তি নদীতে জাল তুলতে গিয়ে হেলারঘাট ব্রিজের পাশে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী বিউটি মন্ডল জানান, শুক্রবার বিকেলে রঞ্জন মন্ডল বাড়ি থেকে কাটাখালি বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরে তাঁর মরদেহ উদ্ধারের খবর পান।
নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অলোক বিশ্বাস জানান, মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা এবং কালচে দাগ রয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রঞ্জন মন্ডলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.