ফরিদপুর প্রতিনিধি
একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।
শনিবার (৭ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দায় শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, পরাজিত শক্তি গত ১৭ বছর বাংলাদেশকে শোষণ ও নির্যাতন করেছে। এখনো তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ৭ নভেম্বরের ঘটনার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিশা পেয়েছিল। সে সময়ও পরাজিত শক্তি দেশকে বিপথগামী করতে এবং দেশের স্বার্থ বিকিয়ে দিতে গভীর ষড়যন্ত্র করেছিল।
তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি এবং গত ১৭ বছরের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তি আজ এক হয়ে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মানবাধিকার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর দেশে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অথচ এখন বিদেশের মাটিতে বসে মানবাধিকারের কথা বলা হচ্ছে। বিদেশে বসে বাংলাদেশে বাস ও ট্রাকে আগুন দিয়ে যারা সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তা সরকার ও দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.