কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দা-এর কোপে আতাউল মালিথা (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে দুপুর ২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই তোফাজ্জেল মালিথার সঙ্গে আতাউলের বিরোধ চলছিল। শনিবার দুপুরে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তোফাজ্জেল হাতে থাকা দা দিয়ে আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই গুরুতর আহত হন। পরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.