জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলে। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রায় আড়াই শতাধিক পুলিশ সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক। এত নিরাপত্তার মধ্যেও দর্শকদের ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোর ও পকেটমার চক্র মোবাইল ফোন চুরি করে। অনুষ্ঠান শেষে অনেক দর্শক তাঁদের মোবাইল ফোন খুঁজে না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। তাঁর ধারণা, চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা ১৫০ থেকে ২০০টির বেশি হতে পারে।
তিনি আরও জানান, মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে অনুষ্ঠানস্থল থেকে হাতেনাতে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.