নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৮ নভেম্বর) নরসিংদী সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৯ জনই সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একই সময়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন সাতজন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চিকিৎসাসেবা নিয়েছেন ২ হাজার ৭৬৯ জন। ডেঙ্গুতে মারা গেছেন একজন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাম সন্দেহে ৪৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৫৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১১৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ৩২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। একই সময়ে সন্দেহজনক বা নিশ্চিত হাম—কোনোটিতেই মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য নেই।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু ও হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.