জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিতর্কিত নিয়োগ, তেল চুরির ঘটনার তদন্তের অগ্রগতি প্রকাশ এবং আওয়ামীপন্থী শিক্ষকদের কথিত সুবিধাবাদী আচরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার (৮ নভেম্বর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ছাত্রশক্তি জাবিপ্রবি শাখার আহ্বায়ক মো. লিটন আকন্দ।
লিখিত বক্তব্যে লিটন আকন্দ বলেন, সম্প্রতি ক্যাম্পাসে তেল চুরির ঘটনা ঘটলেও এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছিল। তবে তদন্তের অগ্রগতি বা ফলাফল সাধারণ শিক্ষার্থীদের সামনে প্রকাশ করা হয়নি। আদৌ তদন্ত হয়েছে কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তিনি দ্রুত তদন্ত শেষ করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লিটন আকন্দ বলেন, নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনকারীদের ডাকা এবং সিলেকশন বোর্ড গঠনের নিয়ম রয়েছে। কিন্তু এসব প্রক্রিয়া অনুসরণ না করে কীভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, তা প্রশাসনকে স্পষ্ট করতে হবে। নিয়োগের ভিত্তি ও প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা না দিলে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিগত সরকারের সময়ে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু শিক্ষকের ভূমিকা এবং তাঁদের নিয়োগ নিয়েও তদন্ত দাবি করেন জাতীয় ছাত্রশক্তির এ নেতা। তাঁর অভিযোগ, ৫ আগস্টের পর কিছু শিক্ষক রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে প্রশাসনের বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। অতীতে বয়সসংক্রান্ত জটিলতা থাকা সত্ত্বেও যেসব নিয়োগ দেওয়া হয়েছিল, সেগুলোরও তদন্ত চান তাঁরা।
তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে লিটন আকন্দ বলেন, অতীতে অভিযোগের তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচিত বা সহযোগীদের কমিটিতে রাখার অভিযোগ রয়েছে। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। তাই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশাসন যদি অতীতের বিতর্কিত নিয়োগ ও কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে জাতীয় ছাত্রশক্তি এর বিরুদ্ধে সোচ্চার থাকবে।
সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তি জাবিপ্রবি শাখার সদস্যসচিব মামুনুর রশীদ (মামুন), মুখ্য সংগঠক মনির আহমেদসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.