পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রোববার (৮ নভেম্বর) পৃথক তিনটি অনুষ্ঠানের মাধ্যমে এসব উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
প্রকল্পের আওতায় হাড়িভাসা ইউনিয়ন পরিষদ থেকে বেরুবাড়ী সড়ক হয়ে জয়বাংলাহাট পর্যন্ত ২ হাজার ৯৬০ মিটার সড়ক উন্নয়ন করা হবে। এ ছাড়া অমরখানা ইউনিয়নের কাজিরহাট থেকে মডেলহাট জিসি, খালপাড়া কমিউনিটি ক্লিনিক হয়ে মহারাজাহাট ও আবালুপাড়া পর্যন্ত দুটি অংশে ১ হাজার ৩৮০ ও ৩ হাজার ৫১০ মিটার সড়ক উন্নয়ন করা হবে। অন্যদিকে চাকলাহাট গার্লস উচ্চবিদ্যালয় থেকে নতুনবন্দর সড়ক হয়ে মেহেরপাড়া পর্যন্ত ৩ হাজার ২০০ মিটার সড়ক উন্নয়ন করা হবে। সব মিলিয়ে প্রায় ১১ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ বাস্তবায়িত হবে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, তিনটি সড়কের উন্নয়নকাজের প্রাক্কলিত ব্যয় ১৩ কোটি ২৯ লাখ ৭ হাজার টাকা। তবে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ২৫৮ টাকা ৬১ পয়সা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পঞ্চগড় এসব কাজ বাস্তবায়ন করছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রমজান আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির সদস্য শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক ও যুবনেতা হায়াতুন আলমসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মজিদ বলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমিরকে এলাকার মানুষ যে সম্মান দিয়েছেন, উন্নয়নের মাধ্যমে তার প্রতিদান দিতে তিনি বদ্ধপরিকর। এ সময় তিনি নওশাদ জমিরের হাত আরও শক্তিশালী করতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, সড়কগুলোর উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা অসংগতি দেখা গেলে উপজেলা প্রশাসনকে জানাতে হবে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সড়কগুলোর উন্নয়ন সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.