খুলনা প্রতিনিধি
খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মশিউর রহমান (৫৯) নামে এক সরকারি কর্মকর্তা আহত হয়েছেন। অন্য এক ব্যক্তিকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর শরীরে লাগে বলে দাবি করেছেন তিনি। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত। তাঁর বাবার নাম মোজাম্মেল হক। মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে তিনি মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে সেখানে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় তাঁদের একজন অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাম পাঁজরের নিচে লাগে।
গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মশিউর রহমানের দাবি, তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি। তবে কাকে এবং কী কারণে লক্ষ্য করে গুলি করা হয়েছিল, তা তিনি জানেন না।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.