কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যান থেকে মায়ের কোলসহ সড়কে পড়ে এক মাস ১০ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম রিফাত মিয়া। সে পার্শ্ববর্তী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কুরপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শিশুটির মা রিয়া মনি সন্তানের চিকিৎসার জন্য স্বামীর বাড়ি আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রাম থেকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসাসেবা নেওয়ার পর ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন।
পথিমধ্যে কুরপালা এলাকায় পৌঁছালে শিশুটিকে দেখার জন্য মা ওড়না সরাতে গিয়ে বোরকা এক হাতে ধরে রাখেন। এ সময় বোরকাটি হাত থেকে ফসকে ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে মা ও শিশুটি চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় শিশুটি।
পরে তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, দুর্ঘটনার পর শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে চলে যান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.