মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় চোলাইমদ সেবন ও মাতলামির অভিযোগে উপজেলা মৎস্য অফিসের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের একটি বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মান্দা থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কিলো-৬ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের নিশীথ হাওলাদারের বাড়িতে অভিযান চালান। এ সময় চোলাইমদ সেবন করে মাতলামি করার অভিযোগে ১০ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক উদয়নারায়ণ গ্রামের মজিবর রহমানের ছেলে রেজাউল করিম (৩৮), দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), গজেন হাওলাদার (৫০), আমিনুল ইসলাম বাবু (৩০), সাইদুল ইসলাম (৩৫), নিশীথ হাওলাদার (৩৩), পরিতোষ (৩৩) এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারী পলাশ কুমার (৩৮)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.