মো. মিজানুর রহমান, কালকিনি-ডাসার প্রতিনিধি
জনবল সংকট ও নানা সীমাবদ্ধতার মধ্যেও পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মাদারীপুরের কালকিনি উপজেলা। মাঠপর্যায়ে সেবার মানোন্নয়ন, প্রযুক্তির ব্যবহার ও প্রশাসনিক গতিশীলতা বাড়ানোর মাধ্যমে জেলায় পরপর দুইবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় রয়েছে ৯টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, একটি এমসিএইচ ইউনিট ও সদর ক্লিনিক। তবে প্রয়োজনীয় জনবলের বড় সংকট রয়েছে এ বিভাগে। ৭২টি পরিবার কল্যাণ সহকারী পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৪২ জন। ২৫টি পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদের মধ্যে কর্মরত মাত্র ৯ জন। এছাড়া উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদেও রয়েছেন মাত্র একজন।
এমন পরিস্থিতিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমানের উদ্যোগে সেবার মানোন্নয়ন ও কার্যক্রমে স্বচ্ছতা আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে কর্মীদের উপস্থিতি ও কার্যক্রম তদারকিতে চালু করা হয়েছে জিপিএস ম্যাপ ক্যামেরা ও ভিডিও মনিটরিং ব্যবস্থা।
উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের স্বল্পতা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পরিবার পরিকল্পনা পরিদর্শকদের প্রশিক্ষণ দিয়ে বিনা পারিশ্রমিকে স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। এর আওতায় বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদক প্রতিরোধ এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে।
অবকাঠামোগত উন্নয়নেও এসেছে অগ্রগতি। উপজেলা পরিষদের অর্থায়নে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক অপারেশন থিয়েটার (ওটি) নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, প্রায় ৬৫ বছরের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম। অন্যদিকে রমজানপুর ইউনিয়নে ৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে নতুন মডেলের দৃষ্টিনন্দন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
কর্মীদের কল্যাণ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। কালকিনির ৩৭ জনসহ ডাসার ও সদর এলাকার অনেক কর্মীর চাকরি স্থায়ীকরণ, উচ্চতর গ্রেড প্রদান এবং পেনশনসংক্রান্ত ফাইল দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাতা ও আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এদিকে পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান বলেন, সরকারি প্রতিবেদন ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কালকিনির প্রজনন হার এবং দম্পতিদের সেবা গ্রহণের চিত্র স্পষ্ট। ঘরে ঘরে চার-পাঁচটি সন্তান থাকার যে তথ্য প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর ও তথ্যগত ভুল। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গিয়ে কোনো মহল অনৈতিক সুবিধা না পেয়ে অপপ্রচার চালালেও তাতে সরকারি কার্যক্রম ব্যাহত হবে না।
তিনি আরও বলেন, সরকারি কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টরা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন।
আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা মেগা ক্যাম্পেইন সফল করতে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.