নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে নয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।
অভিযুক্ত রাব্বি হোসেন মোস্তাকিম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া এলাকার কবির হোসেনের ছেলে। তিনি টঙ্গী বাজারের নোয়াখালী পট্টি এলাকার মিফতাহুল উলুম মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশু উসমান গণি নাঈম ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ও প্রথম শ্রেণির ছাত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাত ১০টার দিকে ঘুমানোর নির্ধারিত সময়ে কয়েকজন শিক্ষার্থী খেলাধুলা ও হইচই করছিল। এতে বিরক্ত হয়ে শিক্ষক রাব্বি হোসেন নাঈমসহ কয়েকজন শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নেন। ওই সময় তিনি কাপড় ইস্ত্রি করছিলেন। একপর্যায়ে গরম আয়রন দিয়ে নাঈমের কোমর ও দুই পায়ের সংযোগস্থলে ছ্যাঁকা দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে শিশুটির শরীরের ওই অংশ ঝলসে যায়।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে শিশুদের ভয়ভীতি দেখান অভিযুক্ত শিক্ষক। পরদিন ৫ নভেম্বর রাতে মায়ের সঙ্গে দেখা হলে কান্নাকাটি করে পুরো ঘটনা জানায় নাঈম। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা থেকে পালিয়ে যান।
পরে ৮ নভেম্বর বিকেলে স্থানীয়রা আপস-মীমাংসার কথা বলে কৌশলে ওই শিক্ষককে মাদ্রাসায় নিয়ে আসেন। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, শাস্তি দেওয়ার উদ্দেশ্যে শিশুটিকে ছ্যাঁকা দেওয়া হয়নি। খেলাধুলার সময় শিশুরা অসাবধানতাবশত গরম ইস্ত্রির ওপর পড়ে গিয়ে এ ঘটনা ঘটেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.