কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরে এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক যুবকের ছুরিকাঘাতে জাকিয়া সুলতানা (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।
আহত জাকিয়া কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সে থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল জাকিয়া। বাসার গেটে পৌঁছানোর পর ইমন নামে এক যুবক তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.