জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দেওয়ায় জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সোমবার দুপুরে সভাপতি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন মারুফ হাসান। বক্তব্যের একপর্যায়ে তিনি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন। এতে সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে হট্টগোল সৃষ্টি হলে তাঁকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।
পরে তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
জিয়া পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, মারুফ হাসানের এ ধরনের সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ নভেম্বর থেকে তাঁকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মারুফ হাসান বলেন, তিনি বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মাঝখানে অসুস্থতার কারণে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন। সেদিন বক্তব্য দেওয়ার সময় তাঁর কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। তবে তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।
এদিকে আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলার সময় জেলা প্রশাসকের নীরব থাকার প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল। ঘটনার দিন সন্ধ্যায় জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আলটিমেটাম দেয় সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.