জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উদ্যাপিত হয়েছে। তবে ধর্মীয় উৎসবে বিশ্ববিদ্যালয়ে ছুটি না দেওয়া এবং অনুষ্ঠান আয়োজনের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
রোববার (৮ নভেম্বর) সনাতন বিদ্যার্থী সংসদ, জাবিপ্রবির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নকশীকাঁথা ভবন-সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক অধ্যাপক ড. মৃণাল কান্তি রায় চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সনাতন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শরৎ সরকার ধর্মীয় উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা না করায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতি ও উৎসব পালনের অধিকারকে যথাযথ গুরুত্ব দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। অন্তত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোতে ছুটির বিষয়টি প্রশাসনের বিবেচনা করা উচিত।
তিনি আরও বলেন, প্রতিবছরের তুলনায় অনুষ্ঠান আয়োজনের ব্যয় বাড়লেও সে অনুযায়ী বাজেট বরাদ্দ বাড়ানো হয়নি। ফলে সীমিত বরাদ্দের মধ্যেই যথাসাধ্য সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে শরৎ সরকার বলেন, ভবিষ্যতে সনাতন শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতি, উৎসবের গুরুত্ব এবং আয়োজনের বাস্তব ব্যয় বিবেচনায় নিয়ে ছুটি ও বাজেটের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাঁদের দাবি কোনো বিশেষ সুবিধা নয়; বরং ধর্মীয় অধিকার, সমান মর্যাদা ও ন্যায্য সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.