ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে জমি বিক্রির টাকা ছেলেকে না দেওয়ায় মাকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় তিন মাস পর আদালতের নির্দেশে সুফিয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মধ্য চরসালেপুর গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
নিহত সুফিয়া বেগম ওই এলাকার এক মৃত ব্যক্তির স্ত্রী। তিনি একমাত্র ছেলে সালাম ব্যাপারীর সঙ্গে বসবাস করতেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেছেন।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়া বেগমের বসতভিটা ও কিছু কৃষিজমি ছিল। এসব সম্পত্তি বিক্রি করে টাকা নিজের নামে লিখে দিতে মাকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন ছেলে সালাম ব্যাপারী। এতে রাজি না হওয়ায় তাঁকে প্রায়ই মারধর ও শারীরিক নির্যাতন করা হতো। এমনকি জমির কাগজপত্র বুঝিয়ে না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে যেকোনো সময় সালাম ব্যাপারী ও তাঁর সহযোগীরা সুফিয়া বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করেন। পরে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখাতে দ্রুত মরদেহ দাফন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
১৫ আগস্ট সকালে বোনের মৃত্যুর খবর পেয়ে স্বজনরা বাড়িতে গিয়ে সুফিয়া বেগমের মুখমণ্ডলে রক্তের দাগ, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বুক ও গলায় কালশিটে দাগ দেখতে পান। এতে তাঁর স্বাভাবিক মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়।
এ ঘটনায় গত ২৩ আগস্ট নিহতের বোন নিলিমা বেগম বাদী হয়ে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে নালিশি মামলা করেন। মামলায় সুফিয়া বেগমের ছেলে সালাম ব্যাপারী, শেখ ইকবালসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় হত্যা ও আলামত গোপনের অভিযোগ আনা হয়েছে।
পরবর্তী সময়ে আদালতের নির্দেশে ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারায় মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। এ ছাড়া সিআইডির পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি দল এবং চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) কাজী রিপনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিন জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য সুফিয়া বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় তিন মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.