কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ৭টার দিকে কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় একদল নেতাকর্মী অবস্থান নেন। এ সময় তাঁরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে থাকেন।
এ ঘটনার পর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ইব্রাহিম হোসেন তার নিজের ফেসবুক পেজে কর্মসূচির একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন তার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে।
একই সময়ে উপজেলার পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন একই সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মহেশপুর রেলওয়ে স্টেশনেও গভীর রাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে।
এদিকে, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
তবে এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.