কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। দ্রুত তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া ক্রিসেন্ট ক্লাব এলাকায় নিজ বাসার প্রবেশপথে হামলার শিকার হয় ওই স্কুলছাত্রী। এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে এসে তাকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, কিশোরীর হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
এদিকে, হামলার দৃশ্য আশপাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগীর মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমন তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি অভিভাবক পর্যায়ে জানানোর পর কিছুদিন বিরত থাকলেও সোমবার তার মেয়ের ওপর হামলা চালায় সে। মেয়েকে হত্যার উদ্দেশ্যেই ছুরিকাঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
গ্রেপ্তার ইমন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কুষ্টিয়া শহরের মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন লিলি গার্ডেন ভবনে মায়ের সঙ্গে বসবাস করত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.