নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় একটি বাড়ির ছাদ থেকে আজিবার শেখ (৪০) নামে এক ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে লোহাগড়া পৌরসভার মোল্যার মাঠ এলাকার গিরি বেগমের বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবার। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরলেও ওই দিন তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকায় তার ভ্যানটি পাওয়া যায়।
মঙ্গলবার সকালে স্থানীয়রা গিরি বেগমের বাড়ির ছাদে হাত বাঁধা অবস্থায় আজিবারের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কী কারণে তাকে ওই বাড়ির ছাদে নেওয়া হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.