শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাগারে থাকায় এলাকায় জনপ্রতিনিধিত্বের সংকট তৈরি হয়েছে—এমন অভিযোগ তুলে উপনির্বাচনের দাবি জানিয়েছে শ্যামনগর সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার (১০ নভেম্বর) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালঞ্চ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম মগবাজারের একটি হোটেলে অপ্রাপ্তবয়স্ক এক নারীর সঙ্গে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিতর্কের মুখে পড়েন। পরে ওই নারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়। গত ২৮ সেপ্টেম্বর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্য দীর্ঘদিন কারাগারে থাকায় শ্যামনগরের সাধারণ মানুষ বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচন আয়োজনের জন্য জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উপনির্বাচনের দাবিতে আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০৮টি ওয়ার্ডে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে সচেতন নাগরিক সমাজ। গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির শ্যামনগর শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দেবব্রত ব্যানার্জিসহ শ্যামনগর সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.