নওগাঁ প্রতিনিধি
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ ও উপস্থিতির হার বাড়াতে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে মিড-ডে মিল চালু করেছে নওগাঁর পত্নীতলা উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন শিক্ষার্থীদের খাবার দেওয়া হবে। পাশাপাশি দূরের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দেওয়া হবে দুটি গাড়ি।
বুধবার (১১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে এসব সিদ্ধান্ত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সুরুজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জামিল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন, ইউপি সদস্য ফারুক হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, গত পাঁচ বছরে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। অনেক শিক্ষার্থী দুপুরের খাবার খেতে বাড়িতে গিয়ে আর বিদ্যালয়ে ফিরে আসে না। এতে তাদের পাঠদান ব্যাহত হয়। এ সমস্যা সমাধানে বিদ্যালয়েই খাবারের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি প্রত্যন্ত এলাকা থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াতেও নানা সমস্যা রয়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নয়টি দাবি উত্থাপন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ দাস বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নয়টি দাবি জানানো হয়েছিল। এর মধ্যে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট চারটি দাবি প্রাথমিকভাবে মেনে নেওয়া হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সুরুজ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনার পরিবেশ উন্নত করতে সপ্তাহে দুই দিন মিড-ডে মিল চালু করা হয়েছে। এ ছাড়া দূরের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি গাড়ি দেওয়া হবে। শিক্ষক-শিক্ষার্থীদের যানবাহন রাখার জন্য গ্যারেজ নির্মাণ এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে সপ্তাহের প্রতিদিন মিড-ডে মিল চালু এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.