কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেনের (২৯) পেশা ছিল কবিরাজি ও ঝাড়ফুঁক। পাশাপাশি তিনি কুমিল্লা নগরের একটি মসজিদে খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।
মামলার বিবরণ ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বয়স ছিল ২৩ বছর। তাঁর মা তাহমিনা বেগমের বয়স ছিল ৫২ বছর।
পুলিশের তদন্তে জানা যায়, ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্র ধরে মোবারকের সঙ্গে সুমাইয়ার পরিবারের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।
তদন্ত ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, ঘটনার দিন সুমাইয়াকে নির্যাতনের চেষ্টা এবং এ-সংক্রান্ত ঘটনা তাঁর মা দেখে ফেললে মোবারক প্রথমে তাহমিনা বেগমকে হত্যা করেন। পরে সুমাইয়াকেও হত্যা করেন তিনি।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মোবারককে গ্রেপ্তার করে। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
মামলার তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ জুলাই তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।
মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ২৭ অক্টোবর যুক্তিতর্ক সম্পন্ন হয়। ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য থাকলেও পরে তা পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়। অবশেষে বুধবার আদালত মোবারককে মৃত্যুদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোতালেব হোসেন বলেন, “১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মাত্র তিন মাস ১৫ দিনের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। এছাড়া সুমাইয়াকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তাঁর মাকে হত্যার দায়ে এক লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এ মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
উল্লেখ্য, আলোচিত এ দ্বৈত হত্যাকাণ্ডের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছিল। রায় ঘোষণার মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.