আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং অসম্মান করার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আত্রাই উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ‘দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আনিসুর রহমান বুলু, বীর মুক্তিযোদ্ধা মো. আফিল উদ্দিন, মো. খালেকুজ্জামান বুলুসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং অসম্মান করা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল মান্নান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক ও অপরাধমূলক কাজ। এ ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বীর মুক্তিযোদ্ধারা হাত গুটিয়ে বসে থাকবেন না।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন ও অসম্মানের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাই ঐক্যবদ্ধ। জড়িতদের গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.