আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় বোমাসহ কাওছার খলিফা নামে এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করেছে এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি ব্যাগ নিয়ে তালেরবাজারের দিকে যাচ্ছিলেন চালক কাওছার খলিফা। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লার সন্দেহ হলে তিনি চালককে গাড়ি থামাতে বলেন। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। পরে পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকটির পথরোধ করে ব্যাগের ভেতরে একটি বোমা দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাওছারকে গ্রেপ্তার করে।
বুধবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঢাকাপ্রত্যাগত এসআরবির ছয় সদস্যের একটি দল ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে। পরে বাইপাস সড়কের পাশে স্টেডিয়ামের বালুর মাঠে সেটি নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় বুধবার আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ইজিবাইক চালক কাওছার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। কাওছার উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে। তাঁকে বুধবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয়রা এক ইজিবাইক চালককে বোমাসহ আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বুধবার এসআরবি সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.