দিনাজপুর প্রতিনিধি
আগে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা হয়েছিল। পরে আপস-মীমাংসার মাধ্যমে স্বামীর সংসারে ফিরেছিলেন লিমা রানী (২২)। কিন্তু সেই আপসের পরও শেষ রক্ষা হয়নি তাঁর। যৌতুকের দাবিতে আবারও নির্যাতনের অভিযোগে এবার প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় স্বামীসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১১ নভেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূ লিমা রানীর মৃত্যুর ঘটনায় বুধবার তাঁর বাবার বাড়ির এলাকা নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের তিন মাথা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে নবাবগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের অখিল চন্দ্র সরকারের মেয়ে লিমা রানীর সঙ্গে পার্বতীপুর উপজেলার চাচেয়া খামার গ্রামের শিমুল চন্দ্র সরকারের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পরিবার নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল ও আসবাবপত্রসহ প্রায় ১৩ লাখ ৬১ হাজার টাকার উপঢৌকন দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে লিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। প্রায় দুই বছর আগে এ অভিযোগে তাঁর পরিবারের পক্ষ থেকে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৫৪৫/২০২৪ নম্বর মামলা করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপস-মীমাংসার মাধ্যমে তাঁকে স্বামীর বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, গত ৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে লিমার কাছে বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করেন স্বামীসহ অন্যরা। তিনি অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধর করা হয়। এ সময় ধারালো ব্লেড দিয়ে তাঁর দুই হাতের কবজির রগ কেটে দেওয়া এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগ করা হয়েছে।
পরদিন ৪ নভেম্বর ৯৯৯ নম্বরে খবর পেয়ে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা লিমাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন রাত ৯টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় লিমার ভাই সৌরভ চন্দ্র সরকার বাদী হয়ে ৫ নভেম্বর পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় মামলা করেন। মামলায় স্বামী শিমুল চন্দ্র সরকার, শাশুড়ি আরতী বালা, মিনতি রানী সরকার, চন্দনা রাণী ও প্রফুল্ল চন্দ্র সরকারসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
বুধবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.