ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে আমিনুল ইসলাম সৌরভ নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিয়া খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকায় ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার আসলাম হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রিয়া খাতুনকে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন সৌরভ। পথে ভেটেরিনারি কলেজের সামনে দ্রুতগতিতে সড়কের গতিরোধক পার হওয়ার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.