কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের পুরোনো বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে একটি ছাগল পুড়ে মারা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের দাদার পুরোনো টিনশেড বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে কেউ বসবাস করেন না। মূলত গবাদিপশু পালনের কাজে বাড়িটি ব্যবহার করা হতো। সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার), যিনি বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ওই বাড়ির পাশেই নিজের বাড়িতে বসবাস করেন।
তবে কে বা কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে বিষয়টি জানা যাবে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে আমি ঘটনাস্থলে রয়েছি।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.