যশোর প্রতিনিধি
যশোর সরকারি এম এম কলেজ ও সরকারি সিটি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ২৭৭ শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারছে না। নির্ধারিত ক্লাসে ন্যূনতম উপস্থিতি নিশ্চিত করতে না পারায় এসব শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ।
দুই কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে সরকারি এম এম কলেজের ১৭৫ জন এবং সরকারি সিটি কলেজের ১০২ জন শিক্ষার্থী রয়েছে।
সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হারুন অর রশীদ জানান, গত সেপ্টেম্বর মাসে দ্বাদশ শ্রেণির প্রথম টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলেজের নিয়ম অনুযায়ী, ওই পরীক্ষা থেকে প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরুর আগ পর্যন্ত শিক্ষার্থীদের কমপক্ষে ৬০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে অভিভাবক সমাবেশ করা হয়েছে। পাশাপাশি বারবার নির্দেশনাও দেওয়া হয়েছে। এরপরও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ১৭৫ শিক্ষার্থী প্রয়োজনীয় উপস্থিতি নিশ্চিত করতে পারেনি।
তিনি আরও জানান, এসব শিক্ষার্থীর একটি অংশ নিয়মিত কলেজে ক্লাস না করে কোচিংয়ের প্রতি বেশি মনোযোগী ছিল। কলেজের নির্দেশনা অমান্য করে অনুপস্থিত থাকায় তাদের প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজটির বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ৯৮ জন, মানবিক বিভাগে ৪০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭ জন শিক্ষার্থী এ তালিকায় রয়েছে।
অন্যদিকে, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সালাম আজাদ জানান, প্রয়োজনীয় ক্লাসে উপস্থিতি না থাকায় তাদের কলেজের ১০২ শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারবে না। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২৩ জন, মানবিক বিভাগের ৫৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২০ জন শিক্ষার্থী রয়েছে।
দুই কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত তালিকায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বিভাগভিত্তিক রোল নম্বরও উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.