কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া গ্রামের চেতনার মোড় স্মৃতিসৌধসংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে থাকা অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি পালিয়ে যান। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বাঁশের লাঠি ও রেললাইনের পাথরের খণ্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামের মোস্তাফিজুর রহমান (৪০), নিজপাড়া গ্রামের শাহরিয়ার রাকিব (২৬), হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের মোস্তফা কামাল রাজু (৫০), টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের শাহ আলম (৩৮) এবং সদরাতালুক গ্রামের হেকমত আলী (৩৫)।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযান চালিয়ে লাঠিসোঁটা ও পাথরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.