পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সায়মন ইসলাম সাদিক (১৬) ও রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফজলে রাব্বি শাহ (১৭) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফজলে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছু ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে তিন বন্ধু শাহাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.