পঞ্চগড় প্রতিনিধি
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় জেলা প্রেসক্লাব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ উদ্যাপনের আয়োজন করা হয়।
সুজনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি হেজারুল রশিদ প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল হান্নান, সহসভাপতি তবিরুল ইসলাম মানিক ও হারুন রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, সহসাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু এবং কোষাধ্যক্ষ ছাদেকুল ইসলাম।
বক্তারা বলেন, গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সুজন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এসব লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের সদস্যদের সচেতন, সংগঠিত ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। পাশাপাশি নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে হেজারুল রশিদ প্রধান বলেন, সুজনের দুই যুগ পূর্তিতে তাঁদের প্রত্যাশা খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা। একই সঙ্গে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এমন আহ্বান জানানো হয়।
এ সময় সুজনের জেলা কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.