নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধ লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় পিকআপভর্তি মালামালসহ স্থানীয়দের হাতে আটক নয়জনকে সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন কারখানার জমি ও ভবনের মালিকপক্ষের সদস্য মো. মোজাম্মেল হক। বুধবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে মোজাম্মেল হক জানান, শরিফপুর এলাকায় তাঁদের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল। ২০১৩ সালে উৎপাদন শুরু করা কারখানাটির কার্যক্রম প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায়।
অভিযোগে বলা হয়, কারখানা বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গাছা থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সর্বশেষ বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে আনুমানিক নয়জনের একটি দল কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন মালামাল একটি পিকআপে তুলতে থাকে। আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ নয়জনকে আটক করা হয়। পুলিশে সোপর্দ করার জন্য তাঁদের কারখানার একটি কক্ষে আটকে রাখা হয়।
তবে একপর্যায়ে মালিকপক্ষের লোকজন বাইরে গেলে অজ্ঞাতনামা কয়েকজন কক্ষের তালা কেটে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যায়। এ সময় শরিফুল ইসলাম নামে একজনকে আটক করা সম্ভব হয়। তিনি মিরপুর এলাকায় শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে।
মোজাম্মেল হক জানান, কারখানা থেকে মালামাল বের করা এবং পিকআপে তোলার ছবি ও ভিডিওচিত্র তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে। এসব তথ্যপ্রমাণ পুলিশকে সরবরাহ করা হবে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রব্বানী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাছা থানার এসআই নিজামুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মালামাল জব্দ এবং একজনকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.