জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষকদের গৃহীত গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা ও উপস্থাপনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ জন গবেষক তাঁদের গবেষণা প্রকল্পের ফলাফল ও বিভিন্ন দিক তুলে ধরেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে গবেষণা সেলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসাইন। সভাপতিত্ব করেন গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাসান।
অবজারভেশন বোর্ডের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক জিএইচএম সাগর।
কর্মশালায় ১৫ জন গবেষক তাঁদের গবেষণার বিষয়বস্তু, পদ্ধতি, প্রাপ্ত ফলাফল ও সংশ্লিষ্ট বিভিন্ন দিক উপস্থাপন করেন। পরে অবজারভেশন বোর্ডের সদস্যরা গবেষণার মান ও ফলাফল পর্যালোচনা করেন।
গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাসান বলেন, গত অর্থবছরে গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়ের দেওয়া অর্থায়নের মূল্যায়নের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। পর্যবেক্ষক অধ্যাপক জিএইচএম সাগর গবেষণার মান যাচাই করে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক তাইয়েবা তাবাসসুম বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গবেষণা খাতে আগের তুলনায় বেশি বরাদ্দ দিচ্ছেন, যা গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে তিনি তরুণদের মাদকাসক্তি ও অপরাধপ্রবণতার সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, গবেষণার মানোন্নয়ন এবং ভবিষ্যতে গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.