গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে নতুন ডিলারের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। তবে পণ্যের তালিকায় চাল না থাকায় হতাশা প্রকাশ করেছেন নিম্ন আয়ের অনেক ভোক্তা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চর দৌলতদিয়া হামেদ মৃধার হাটে মেসার্স অর্ণা ট্রেডার্সের দোকানে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ও টিসিবির ট্যাগ কর্মকর্তা গৌতম কুমার সরকার। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।
মেসার্স অর্ণা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সাঈদ মন্ডল জানান, দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একাংশ এবং ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মোট ১ হাজার ৪১ জন ভোক্তার কাছে নিয়মিত টিসিবির পণ্য বিক্রির দায়িত্ব পেয়েছেন তিনি। নির্ধারিত কার্ড দেখিয়ে প্রত্যেক ভোক্তা প্রতি মাসে একবার তাঁর দোকান থেকে পণ্য কিনতে পারবেন।
তিনি জানান, বর্তমানে ৫৩০ টাকার প্যাকেজে রয়েছে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি লবণ, দুই কেজি ডাল, ৫০০ গ্রাম হুইল পাউডার ও একটি বড় লাক্স সাবান। বাজারদরের তুলনায় কম দামে এসব পণ্য পেয়ে ভোক্তারা সাশ্রয় করতে পারছেন। তবে চালের সরবরাহ না থাকায় চাহিদা থাকা সত্ত্বেও তা দেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে, চাল না থাকায় হতাশা প্রকাশ করে কয়েকজন ভোক্তা জানান, নিম্ন আয়ের মানুষের জন্য চাল অত্যন্ত প্রয়োজনীয় পণ্য। তাই পরবর্তী সময়ে টিসিবির প্যাকেজে চাল অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়নের অপর ডিলার মেসার্স মোর্শেদ ট্রেডার্স ইউনিয়ন পরিষদ এলাকায় ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং ৫ নম্বর ওয়ার্ডের একাংশের ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করছেন। এ ছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নেও শিগগিরই নতুন ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.