আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় রিলে ক্রপ পদ্ধতিতে সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আমন ধান কাটার পর একই জমিতে সরিষা চাষ করে বাড়তি আয় করতে পারায় দিন দিন এ পদ্ধতির প্রতি ঝুঁকছেন চাষিরা। গত বছরের তুলনায় চলতি মৌসুমে উপজেলায় ১০০ হেক্টর বেশি জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আশাশুনিতে ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে ২৩ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। আমন ধান কাটার ৭ থেকে ১০ দিনের মধ্যে জমিতে রিলে ক্রপ হিসেবে সরিষার বীজ বপনের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে তেলজাতীয় ফসল উৎপাদনের আধুনিক প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় কৃষকরাও এ পদ্ধতিতে সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন।
কৃষি বিভাগ জানায়, গত বছর উপজেলায় ৫১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। চলতি মৌসুমে ১০০ হেক্টর বাড়িয়ে ৬১০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নের আগ্রহী কৃষকদের চাষাবাদে সহায়তা দেওয়া হয়েছে। কৃষকদের তালিকা প্রণয়নের কাজও চলছে। আবহাওয়া ও চাষাবাদ অনুকূলে থাকলে প্রতি হেক্টরে ২ দশমিক ২০ মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা বলেন, সরকার বিভিন্ন প্রকল্প ও প্রণোদনার মাধ্যমে তেলজাতীয় ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের বীজ ও সার সহায়তা দিচ্ছে। সঠিক কৃষক নির্বাচন করে রিলে ক্রপ পদ্ধতিসহ উপযোগী জমিতে সরিষা চাষে তাঁদের উদ্বুদ্ধ করা হচ্ছে। গত বছরের তুলনায় এবার আশাশুনিতে ১০০ হেক্টর জমিতে সরিষার আবাদ বাড়বে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.