কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের নড়াগাতীতে ২০২৩ সালের রাজনৈতিক সহিংসতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার নিয়ামত মোল্যাকে (৩০) অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর স্বজন ও স্থানীয়রা। তাঁকে আওয়ামী লীগের সদস্য পরিচয়ে মামলায় জড়ানো হলেও তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, ভুল রাজনৈতিক পরিচয় দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে তাঁকে মামলায় আসামি করা হয়েছে।
গত ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে নড়াগাতী থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। নিয়ামত মোল্যা কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার মৃত আব্দুল গফ্ফার মোল্যার ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
নিয়ামতের চাচাতো ভাই ও নড়াগাতী থানা বিএনপির সদস্য আরশাদ হোসেন অপু বলেন, নিয়ামত এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতি করেননি। তাঁর দাবি, অতীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি তুললেও সেটি কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার প্রমাণ নয়। ভুল তথ্যের ভিত্তিতে তাঁকে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় করিয়ে পুলিশকে বিভ্রান্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৭ অক্টোবর কলাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আঃ কাইয়ুম স্বাক্ষরিত একটি পরিপত্রে নিয়ামত মোল্যার নাম ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ২৩ নম্বর সদস্য হিসেবে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে কলাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আঃ কাইয়ুম নিয়ামতের বিএনপির সদস্যপদ নিশ্চিত করে বলেন, ভুল তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা দুঃখজনক। বিষয়টি নিয়ে তিনি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক থানা প্রশাসনের সঙ্গে কথা বলবেন।
স্বজন ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য যাচাই এবং নিয়ামত মোল্যাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.