
মো. ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে আধুনিক মেডিকেল ও ডায়াগনস্টিক যন্ত্রপাতির পরিচিতি, ব্যবহারবিধি এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে বায়োম্যাক্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে প্রোডাক্ট প্রমোশন ও নলেজ শেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পূর্ব পাশে সোনালী ব্যাংক সংলগ্ন ডেলাইট ক্যাফেতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের জেনারেল ম্যানেজারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের টেকনোলজিস্ট, প্যাথলজি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে জার্মানি, চীন ও কোরিয়ার উৎপাদিত বিভিন্ন আধুনিক মেডিকেল ও ডায়াগনস্টিক যন্ত্রপাতির কার্যকারিতা, ব্যবহার এবং পরীক্ষার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পণ্য পরিচিতি তুলে ধরা হয়।
প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল জার্মানির BIOSS ব্র্যান্ডের BA 100 ও BS-6Max অটোমেটিক হেমাটোলজি অ্যানালাইজার এবং ESR 200 মডেলের Fully Auto ESR Analyzer। এছাড়া চীনের HORRON ব্র্যান্ডের H5000 অটোমেটিক হেমাটোলজি অ্যানালাইজার ও H650 মডেলের HPLC Analyzer এবং কোরিয়ার BIOLINE ব্র্যান্ডের BC-4000 অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারসহ বিভিন্ন যন্ত্রপাতির পরিচিতি দেওয়া হয়।
এসব যন্ত্রের মাধ্যমে রক্তের বিভিন্ন পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, হরমোন পরীক্ষা, ইলেকট্রোলাইট পরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার প্রযুক্তিগত দিক তুলে ধরা হয়।
বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি শুধু আধুনিক যন্ত্রপাতি বাজারজাত করেই দায়িত্ব শেষ করে না; এসব মেশিন পরিচালনার জন্য প্রয়োজনীয় কেমিক্যাল, রিএজেন্ট ও অন্যান্য উপকরণ সরবরাহের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি যন্ত্রপাতিতে যেকোনো ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে দীর্ঘমেয়াদি, এমনকি আজীবন সার্ভিস ও মেরামত-সংক্রান্ত সহযোগিতার নিশ্চয়তা দেওয়া তাদের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সম্মেলনের মাধ্যমে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সংশ্লিষ্ট টেকনোলজিস্টরা আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি সম্পর্কে বাস্তব ধারণা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে পারবেন। এতে স্থানীয় পর্যায়ে রোগ নির্ণয়সেবার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বায়োম্যাক্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৬ সাল থেকে মেডিকেল ইকুইপমেন্ট, ডায়াগনস্টিক রিএজেন্ট ও মেডিকেল ডিভাইস আমদানি ও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.