মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে মশাল মিছিল, রাস্তা অবরোধ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ ১২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে খালিয়াজুরী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়। মামলায় নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, খালিয়াজুরী সদর ইউনিয়নের খালিয়াজুরী গ্রামের খালেক মিয়ার ছেলে মো. মুসলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ঘ ধারায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন খালিয়াজুরী থানা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সুয়েব সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান রহমত আলী, মেন্দিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাকিম, সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম, খালিয়াজুরী সদর ইউনিয়ন চেয়ারম্যান আবু ইসহাক, সাবেক চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জুসেফ, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন সরকারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এজাহারে অভিযোগ করা হয়, গত ৮ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টার মধ্যে আসামিরা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের পাশের সড়কে এবং মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিরবিল্লিয়া এলাকায় পৃথকভাবে সংঘবদ্ধ হন। সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে দুটি মশাল মিছিল বের করা হয়।
এ সময় উসকানিমূলক স্লোগান দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ ও বড় ধরনের নাশকতার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত আসামি মহেন্দ্র তালুকদারের ছেলে সুবিনয় তালুকদার (৪৫) ও নাজির হোসেনের ছেলে তানিম সরকারকে (২৩) বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া উপজেলার রোয়াইল গ্রামের রামচরণ সরকারের ছেলে গৌরাঙ্গ সরকারকে (৬০) অন্য একটি মারামারি মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির মামলা ও তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সুবিনয় সরকারকে শুক্রবার সকালে যথাযথ পুলিশ পাহারায় নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.