নড়াইল প্রতিনিধি
পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে পাঁচটি দেশের ১৩টি চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি শিশুদের আঁকা ছবি ও লেখা চিঠির প্রদর্শনী, পটগান, মুক্ত আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী শহরের এস এম সুলতান শিশু স্বর্গে এ উৎসব অনুষ্ঠিত হয়। ‘ব্রিদিং আন্ডার প্রেসার: স্টোরিজ অব এয়ার অ্যাক্রস দ্য এশিয়া-প্যাসিফিক’ শীর্ষক এ উৎসবে পরিবেশ ও বায়ুদূষণসংক্রান্ত বিভিন্ন বিষয় চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
আন্তর্জাতিক চলচ্চিত্র প্ল্যাটফর্ম ‘সিনেমাটা’ ও ‘চিত্রা ফিল্ম সোসাইটি’র যৌথ উদ্যোগে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পাঁচটি দেশে উৎসব আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশের ছয়টি শহরে পর্যায়ক্রমে এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী পর্বে প্রদর্শিত হয় ফিলিপাইনের টিনা বাস্কো ও প্যাট্রিসিয়া সিম পরিচালিত ‘দ্য লাস্ট ফিশ ইন দ্য ওয়ার্ল্ড’, বাংলাদেশের জাকির হুমায়ুন পরিচালিত ‘বিহঙ্গ পুরাণ: অ্যা নন-পলিটিক্যাল ফিল্ম অ্যাবাউট বার্ডস’ এবং ভারতের অয়ন দাস পরিচালিত ‘ইকোস ফ্রম দ্য সাইলেন্স’।
চলচ্চিত্র প্রদর্শনী শেষে দেশবরেণ্য পটচিত্রশিল্পী নিখিল চন্দ্র দাস ও তাঁর দল পরিবেশবিষয়ক পটগান পরিবেশন করেন। এ ছাড়া শিশুদের আঁকা ছবি ও লেখা চিঠির প্রদর্শনী, মুক্ত আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চিত্রা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুন্সী আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারী, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চলচ্চিত্র নির্মাতা পার্থ সেনগুপ্ত ও চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাসসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.