নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের পূবাইলে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূবাইল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিনে আগুন দেখতে পান যাত্রীরা। বিষয়টি চালকের নজরে এলে তিনি তাৎক্ষণিক ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
হঠাৎ ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ কারণে সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
পূবাইল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু মুসা বলেন, ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
প্রাথমিকভাবে ইঞ্জিনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ইঞ্জিনের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.