দিনাজপুর প্রতিনিধি
ফুটবলের সোনালি দিনের স্মৃতি ও কিংবদন্তি খেলোয়াড়দের মিলনমেলায় দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। মরহুম মঞ্জুরুল ইসলাম রতনের স্মরণে আয়োজিত এ ম্যাচে সোনালী অতীত উত্তরবঙ্গ একাদশের কাছে ৬ গোলের ব্যবধানে হেরেছে সোনালী অতীত বিরামপুর একাদশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিরামপুর পৌর শহরের ঐতিহ্যবাহী আনসার মাঠে ভিক্টর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ‘কিংবদন্তির স্মৃতিতে, ফুটবলের বন্ধনে’ প্রতিপাদ্যে আয়োজিত খেলায় সাবেক জাতীয় দলের তারকা ফুটবলারসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার অভিজ্ঞ খেলোয়াড়রা অংশ নেন।
সোনালী অতীত উত্তরবঙ্গ একাদশের হয়ে মাঠে নামেন সাবেক ফিফা রেফারি ভুবন মোহন তারফদার, জাতীয় দলের সাবেক গোলরক্ষক তিতুমীর চৌধুরী, সাবেক জাতীয় ফুটবলার আজিম, অমিত খান শুভ্র, মোশাররফ হোসেন মিল্টন ও এরশাদুল হকসহ বিভিন্ন জেলার সাবেক ফুটবলাররা। এ দলে দিনাজপুর, নওগাঁ, নাটোর, লালমনিরহাট, পঞ্চগড়, রংপুর, জয়পুরহাট ও রাজশাহীর খেলোয়াড়রাও অংশ নেন।
অন্যদিকে সোনালী অতীত বিরামপুর একাদশের হয়ে খেলেন এস এম কাদিরুজ্জামান প্রিন্স, রফিকুল ইসলাম, আবু হোসেন, রেজোয়ান, মুক্তার হোসেন, শাহিন কাদির, জাকারিয়া হোসেন রানা, আলী হোসেন, দানেজ উদ্দিন মন্ডল, হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান মাসুম, রায়হান কবির, মুশফিকুর রহমান লিটনসহ স্থানীয় সাবেক ফুটবলাররা।
ম্যাচে উত্তরবঙ্গ একাদশের খেলোয়াড়দের নৈপুণ্যে বিরামপুর একাদশের জালে ছয়বার বল জড়ায়। তবে জয়-পরাজয়ের বাইরেও এ আয়োজনের মূল আকর্ষণ ছিল ফুটবলের সোনালি দিনের খেলোয়াড়দের পুনর্মিলন এবং প্রয়াত সতীর্থের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন।
খেলা শেষে বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির সৌজন্যে সোনালী অতীত বাংলাদেশ দলের সাবেক তারকা ফুটবলারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মরহুম মঞ্জুরুল ইসলাম রতন ছিলেন একজন কিংবদন্তি ফুটবলার ও ভিক্টর স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি। তাঁর স্মৃতি ধরে রাখা এবং ফুটবলের পুরোনো দিনের বন্ধনকে নতুন করে জাগিয়ে তোলার লক্ষ্যেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.