রুয়েট প্রতিনিধি
পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে রাজশাহী কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। ২০২৭-২০২৮ মেয়াদের জন্য গত ১২ নভেম্বর সারা দেশে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাজশাহী কেন্দ্রের স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফল বিবরণী অনুযায়ী, কেন্দ্রীয় কাউন্সিল সদস্যের দুটি পদের বিপরীতে রাজশাহী কেন্দ্র থেকে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বিজয়ী হন।
নির্বাচনে তাঁদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন। তিনি অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য হওয়া সত্ত্বেও সংগঠনটির সমর্থিত প্যানেলের বাইরে থেকে প্রার্থী হন। বিষয়টি স্থানীয় প্রকৌশলীদের মধ্যে আলোচনার জন্ম দেয়। এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত এ্যাব প্যানেলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াত সমর্থিত ‘ওয়ান আইইবি’ প্যানেল।
স্থানীয় নির্বাচন কমিটির তথ্যমতে, রাজশাহী কেন্দ্রে মোট ৬৯৮ জন ভোটারের মধ্যে ৪০৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদানের হার ছিল ৫৭ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে ৩৮৮টি ভোট বৈধ বলে গণ্য হয়। ভোট দেননি ২৯৪ জন।
এদিকে আইইবির রাজশাহী কেন্দ্রের কাউন্সিল সদস্য পদেও রুয়েটের আরও তিন শিক্ষক নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, একই বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সামিউল হাবিব। তাঁরা সবাই এ্যাব সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, নবনির্বাচিত কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ২০২৪-২০২৬ মেয়াদে আইইবির রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় গঠিত ‘ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট (ইআরএম)’-এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। প্রকৌশল খাতের বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আইইবি নির্বাচন কমিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সূত্রে জানা গেছে, সারা দেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওএমআর শিটভিত্তিক ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিদেশে অবস্থানরত ও দূরবর্তী সদস্যদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাও ছিল।
মোট ৩৪ হাজার ১৩১ জন ভোটারের এ নির্বাচনে কেন্দ্রীয় পর্যায়ের ১৮২টি পদের বিপরীতে ৬৫৮টি মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১৯ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান সাধারণ সম্পাদকের কাছে চূড়ান্ত ফলাফল হস্তান্তর করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.