জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) গত এক মাসে সীমান্ত ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করেছে। এসব অভিযানে ১৭ জন আসামিকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাদকদ্রব্য, বিদেশি মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ মোট ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪২টি বিদেশি কয়েন, ৪৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২টি অ্যাম্পল ইনজেকশন, ৩১২ বোতল বিভিন্ন ধরনের যৌন উত্তেজক সিরাপ, ১৭৩ বোতল মাদকদ্রব্য হিসেবে চিহ্নিত বিভিন্ন ধরনের সিরাপ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ ৬টি বেলে ও কষ্টিপাথর, যার ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম।
বিজিবি জানায়, এসব অভিযান জয়পুরহাট ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয়। অভিযান চলাকালে ১৭ জন আসামিকে আটক করা হয়েছে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.